প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) এ কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
কমিটির সভাপতি করা হয়েছে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং বিভাগের প্রধানকে। সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। সদস্য সচিব করা হয়েছে আইনবিষয়ক ব্যবস্থাপককে। প্রয়োজনে বিমানের অন্য কর্মকর্তাদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গেল ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা বিমানবন্দর থেকে বিজি ৭৭৭ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। ফেরার পথেই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।
জাপান সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।