মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত ফির বেশি কোনো অর্থ নেয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার অতিরিক্ত টাকা দাবি করলে বা কর্মীদের হয়রানি করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানাতে হবে।
মালয়েশিয়াগামী কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করতে পারবে না।
এ ছাড়া, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেয়ার পর কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না। এ বাবদ অর্থ দাবি করা হলে তা দেয়ার প্রয়োজন নেই।
মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি বা হয়রানির অভিযোগ জানাতে secretary\@probashi.gov.bd ঠিকানায় ই-মেইল করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।