বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।
শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলাটি করেন। পরে দীপকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এর আগে, দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেল। দীপের দাবি, ইউনিফর্ম পরা দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
গেলো ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগের দিন ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা।
এদিকে, তাহসিফের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম দ্রুত প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।