পটুয়াখালীতে ইয়াবা সরবরাহের ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অটোরিকশাচালক জাকারিয়া (২৮) খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হত্যার মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অটোরিকশা ও চুরি যাওয়া তিনটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম।
পুলিশ জানায়, হত্যার পর জাকারিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা থেকে তিনটি ব্যাটারি খুলে সেটি নদীতে ফেলে দেয়া হয়। পরে ব্যাটারিগুলো বিক্রি করে দেয় হত্যায় জড়িতরা।
ঘটনার তদন্তে শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত ও গোপন তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলাম ও মামুন হাওলাদারের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে সাইফুল ইসলাম, মামুন হাওলাদার ও চোরাই ব্যাটারি ক্রেতা শুক্কুর আকনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, জাকারিয়া ও সাইফুল আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ইয়াবা সরবরাহের জন্য সাইফুলের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নেন জাকারিয়া। পরে ইয়াবা সরবরাহ করতে না পারায় টাকা ফেরত দেয়া নিয়ে তাদের বিরোধ হয়। সেই বিরোধের জেরেই জাকারিয়াকে হত্যার পরিকল্পনা করা হয় বলে জানায় পুলিশ।
পটুয়াখালী প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।