রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
সবশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) পশ্চিম মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে রোববার মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন শাহ আলম অনিক, মো. মামুন, আসলাম ও মুন্না। তাদের মধ্যে শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ ও এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
হামলার পর স্টুডিওর ফেসবুক পেজে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেয়া হয়েছে। হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হতে পারেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।