জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে চিহ্নিত ১৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের বাগডোগরায় নেয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে শ্রীনগর থেকে তাদের সেখানে নেয়া হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, কাশ্মীর উপত্যকাজুড়ে পুলিশের পরিচালিত এক বিশেষ সমীক্ষায় প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বসবাসরত হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নেয়া হয়েছে এবং ৭ অক্টোবর আরও ১৫০ জনকে নেয়া হতে পারে।
জানা গেছে, এসব ব্যক্তিকে শ্রীনগরের একটি পুলিশ-পরিচালিত ক্যাম্পে রাখা হয়েছিল। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত জনমিতি পরিবর্তনবিষয়ক উচ্চপর্যায়ের কমিটি জম্মু-কাশ্মীর সফরের পর এ তৎপরতা জোরদার হয়।
ভারতীয় সরকারি তথ্য অনুযায়ী, জম্মু-কাশ্মীরে ৫০৪ জন বাংলাদেশি নাগরিকের তথ্য নথিভুক্ত রয়েছে। একই সঙ্গে সেখানে রোহিঙ্গাদের উপস্থিতি নিয়েও যাচাই চলছে।
এদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অবস্থানের বিষয়টি আলাদা হলেও রোহিঙ্গাদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।