ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রচারণা জোরদার করেছে জামায়াতে ইসলামী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
বুধবার (৭ অক্টোবর) সকালে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত নির্বাচনী সভায় এ কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, ভোটের মাঠের পরিস্থিতি জামায়াত প্রার্থীর অনুকূলে রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে দেলাওয়ার হোসেন বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করেন তিনি। ভোটের দিন কেন্দ্র ও ভোট গণনার সময় দায়িত্বশীল থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আব্দুল হালিম আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন কেন্দ্রীয়ভাবেও গুরুত্বপূর্ণ। কেন্দ্র থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রীয় ও আশপাশের জেলার নেতাকর্মীরা পর্যায়ক্রমে প্রচারণায় অংশ নেবেন বলেও জানান তিনি।
সভায় জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন, জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমিন ও জামায়াতের দেলাওয়ার হোসেনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।