থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে বাংলাদেশের সম্ভাব্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি ও অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় অংশ নিতে ব্যাংককে রয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন ঋণ কর্মসূচির মেয়াদ হতে পারে তিন বছর। এ নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনা চলছে। ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার এবং সরকারি ভর্তুকি কমানোর বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক খাতের দুর্বলতা, জ্বালানি সংকট, কম রাজস্ব আদায় ও বিনিয়োগে স্থবিরতার বিষয় তুলে ধরেছে বিশ্বব্যাংক। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক খাত, রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছে সংস্থাটি। বার্ষিক সভায় এসব বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের রাজস্ব আদায় জিডিপির ৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। রাজস্ব আহরণ বাড়ানোকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব ঘাটতি কমানো এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক ব্যয়ের সক্ষমতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হতে পারে।
ব্যাংককের কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলন ঘিরে প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি এ সভায় অংশ নেয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।