জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া না হলে দেশজুড়ে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জাতীয় পার্টি।
সোমবার (১২ অক্টোবর) এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন, এটি শুধু হামলা ও ভাঙচুর নয়, বরং দলীয় চেয়ারম্যানকে হত্যার চেষ্টা।
দেশে বারবার ‘মব কালচারের’ পুনরাবৃত্তি ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান জাতীয় পার্টির মহাসচিব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হবে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে জিডি ও মামলা করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং পুলিশ মামলা নেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন শামীম হায়দার পাটোয়ারী।
এদিকে, হামলার প্রতিবাদে বাদ আসর বিক্ষোভ মিছিলসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।