ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটে এসেছেন দুই সহোদর ভাই ফারুক চাপরাশি ও মুর্শিদ চাপরাশি। দুই পরিবারের সম্মতিতে তাঁরা বর্তমানে কালাই উপজেলার জমিনপুর গ্রামে অবস্থান করছেন। তাঁদের আসার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় জয়পুরহাটের কালাই উপজেলার জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের সিদ্ধান্ত হয়।
গেলো ৮ অক্টোবর পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। এরপর তাঁরা পূর্ণিমার বাড়িতে ওঠেন।
দুই ভাইয়ের ভারত থেকে আসা ও বিয়ের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ বাড়িতে ভিড় করছেন।
কনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়েতে দুই পরিবারের সম্মতি রয়েছে। প্রয়োজনীয় আইনি ও সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিগগিরই বিয়ের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।