লক্ষ্মীপুরে দ্রুতগতির বালুবাহী ডাম্প-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার শাকচর এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ডাম্প-ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে চালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করেন।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাম্প-ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।