থাইল্যান্ডে মিয়ানমার, লাওস ও ভিয়েতনামের নিবন্ধিত অভিবাসী কর্মীদের থাকার ও কাজের অনুমতির মেয়াদ ২০২৭ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রমিক সংকট মোকাবিলা এবং শিল্প-কারখানার কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গেল ১৪ জুলাই মন্ত্রিসভা এ মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয় বলে জানিয়েছেন সরকারের উপমুখপাত্র পাতদারাসম থংসালুয়াইকর্ন। তবে এ সুবিধা কেবল সরকারি ব্যবস্থায় আগে থেকেই নিবন্ধিত কর্মীদের জন্য প্রযোজ্য। নতুন করে নিবন্ধনের সুযোগ থাকছে না।
মেয়াদ বাড়ানোর ফলে উৎপাদন, নির্মাণ, কৃষি, সেবা ও পর্যটন খাতে কর্মী সংকটের ঝুঁকি কমবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে অভিবাসী কর্মীদের তথ্যভান্ডার ও বিভিন্ন দপ্তরের তথ্যব্যবস্থা সমন্বয়ের কাজ করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
থাইল্যান্ডের শ্রম মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত বিধিমালা ও আবেদনপ্রক্রিয়া প্রকাশ করবে। কর্মী ও নিয়োগদাতাদের সরকারি তথ্যের জন্য দেশটির কর্মসংস্থান বিভাগের ওয়েবসাইট www.doe.go.th অথবা শ্রম মন্ত্রণালয়ের হটলাইন ১৫০৬-এ ২ চাপতে বলা হয়েছে। এ সুবিধার নামে প্রতারণামূলক অর্থ দাবির বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।