রাজধানীর হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় আকস্মিক পরিদর্শন করে একাধিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে গুলশানের বাসভবন থেকে বেরিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, সরকারি কোয়ার্টারের পরিবেশ ও ফুটপাতের শৃঙ্খলা নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে ধূমপানরত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন থাকায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। পরে রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় বাসিন্দারা পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান। শিশুদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।
মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করে পথচারীদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফুটপাত চলাচলের উপযোগী রাখা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।
এ ছাড়া কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন এবং আইসিইউ, অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ জানিয়ে সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি করতে নির্দেশ দেন তিনি।
মিরপুর বাংলা কলেজে বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।