আমাদের সরকার অসাম্প্রদায়িক সরকার। শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্যাপনে সংসদ সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা ও তদারকিতে সরকার, প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বাম তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, দুর্গাপূজায় কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কোনো অঘটন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী ১৮ অক্টোবর সকালে রংপুর, পরে রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নকাজে ব্যয় হওয়া অর্থ জনগণের কর ও ভ্যাটের টাকা। তাই নিজেদের অর্থে করা কাজ মনে করে সবাইকে তা তদারকি করতে হবে।
পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে চাওয়াই নদীর বাম তীরে ৩৬০ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ৫ কোটি ১৩ লাখ টাকা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।