সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও সরানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে ইরানের শর্ত পূরণের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রেজাই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফর করছেন মুনির। খবর হিন্দুস্তান টাইমসের।
রেজাই বলেন, ইরানের জনগণের জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম একটি গুরুত্বপূর্ণ সম্পদ। যুক্তরাষ্ট্র আস্থাহীনতা দূর করতে পদক্ষেপ না নেয়া পর্যন্ত আলোচনায় বসবে না তেহরান। ইরানের জনগণ মনে করে, আলোচনায় অংশ নিলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, সব ফ্রন্টে সংঘাত বন্ধ এবং জব্দ করা অর্থ ছাড় করা।
এদিকে, চলতি বছরের জুনের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পঞ্চমবারের মতো ইরান সফর করছেন আসিম মুনির। সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গেও বৈঠক করেছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।