ফেনীর ছাগলনাইয়া জিরো পয়েন্ট এলাকায় যানজট নিরসনের সময় এক সিএনজিচালক আহত হওয়ার ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে মৌবন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজটের খবর পেয়ে ওসি মো. আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সিএনজিচালক কামরুল হাসান রাকিব (২৫) একটি খালি সিএনজি প্রধান সড়কে এনে যানজট সৃষ্টি করেন। এর কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত আচরণ করেন। পরে তাকে থানায় নিতে চাইলে তিনি এড়ানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে একটি টমটমের পাশে মাটিতে পড়ে যান।
পুলিশের দাবি, আশপাশের সিএনজিচালকেরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পরে ওই চালকের চিকিৎসার সময় অন্য সিএনজিচালকেরা একত্র হয়ে সড়কে যান চলাচল বন্ধের চেষ্টা করেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার এবং স্থানীয় শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনায় বিভিন্ন মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলেও দাবি করেছে পুলিশ। একই সঙ্গে জিরো পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় নেতাদের সহযোগিতা চেয়েছে থানা কর্তৃপক্ষ।
এম. নিজাম উদ্দীন মজুমদার সজিব, ফেনী জেলা প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।