পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদি আরবে বিভিন্ন ক্ষেত্রে অবস্থান করছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের বিষয়ে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এ তথ্য সামনে এলো।
বুধবার (৭ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।
সৌদি আরবে পাকিস্তানি সেনারা আগে থেকেই অবস্থান করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৌদি আরবে পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই রয়েছেন।’
আইএসপিআর ডিজি বলেন, মক্কা জোট ‘শূন্য থেকে তৈরি হয়নি’। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতেই এই জোট গড়ে উঠেছে। বিভিন্ন সক্ষমতা ও ক্ষেত্রে পাকিস্তানি সেনারা এরই মধ্যে সৌদি আরবে অবস্থান করছেন বলেও জানান তিনি।
এর আগে সোমবার রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে জরুরি বৈঠকে তিন দেশ সৌদিতে সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সামরিক বাহিনী মোতায়েনে সম্মত হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, নিজ নিজ দেশের আইন ও অনুমোদিত ব্যবস্থার আওতায় সেনা মোতায়েন করা হবে। এর লক্ষ্য প্রস্তুতি বাড়ানো, সামরিক সমন্বয় জোরদার ও সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি।
গেলো আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।