জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
খুলনা বিভাগের ৩৩টি কলেজ থেকে জেলা পর্যায়ে প্রথম ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১২৬ জন শিক্ষার্থী-অ্যাথলেট এতে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৭৮২ জন ছাত্র ও ৩৪৪ জন ছাত্রী। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৬৬টি ইভেন্টে প্রতিযোগিতা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রকিবুল ইসলাম বকুল বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। আর উপাচার্য বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করেছে। তিন দিনব্যাপী প্রতিযোগিতা ১০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। বিভাগীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।