পাবনায় গাজী টেলিভিশনের (জিটিভি) জেলা প্রতিনিধি মো. নবী নেওয়াজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযুক্তরা হলেন মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) বিকেলে পাবনা জজ কোর্ট থেকে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে লস্করপুর টার্মিনাল এলাকায় একটি চায়ের দোকানের সামনে নবী নেওয়াজকে ঘিরে গালিগালাজ করেন অভিযুক্তরা। প্রতিবাদ করলে ইবাদ শেখ হাসুয়া দিয়ে তার মাথায় কোপ দেন। সাংবাদিক দুই হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে হাতে গুরুতর আঘাত লাগে।
পরে তাকে লাঠি ও কিল-ঘুষি দিয়ে মারধর করা হয়। এ সময় তার পকেট থেকে টাকা ও হেডফোন নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত সাংবাদিককে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।