মাইক্রোসফট, অ্যাডোবি, ইনফোসিস ও টাটাসহ বেশ কয়েকটি বড় তথ্যপ্রযুক্তি কোম্পানির গ্রিন কার্ড আবেদন সাময়িকভাবে স্থগিত করছে যুক্তরাষ্ট্র। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ কথা জানান। শ্রমমন্ত্রী কিথ সন্ডারলিং আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন: কগনিজ্যান্ট, উইপ্রো, এইচসিএল ও ক্যাপজেমিনি। এ কর্মসূচির আওতায় দক্ষ বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, জালিয়াতির অভিযোগ এবং মার্কিন কোম্পানিগুলোকে আরও বেশি আমেরিকান কর্মী নিয়োগে উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত। সন্ডারলিং জানান, এসব কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নতুন স্থায়ী শ্রম সনদের আবেদন নেওয়া হবে না, আর আগে জমা পড়া আবেদনও এগিয়ে নেওয়া হবে না। কর্মসংস্থানভিত্তিক বেশির ভাগ গ্রিন কার্ডের আবেদনের আগে নিয়োগদাতাদের পার্ম (পিইআরএম) সনদ নিতে হয়। এই সনদে নিশ্চিত করা হয় যে ওই পদের জন্য যোগ্য ও আগ্রহী কোনো মার্কিন কর্মী পাওয়া যায়নি।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডসহ ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত হবে। অভিযোগ, বিদেশি শিক্ষার্থী ভর্তি করে এসব প্রতিষ্ঠান মার্কিন নাগরিকদের মজুরি কমিয়েছে। শ্রম দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিতো জানান, বিশ্ববিদ্যালয়গুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তদন্তে দেখা হবে বিদেশি প্রভাব, নিয়মবহির্ভূত আর্থিক সম্পর্ক বা ভিসার অপব্যবহারে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে চলা গবেষণা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।
রয়টার্স জানিয়েছে, মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মাইক্রোসফটের কাছ থেকে তাৎক্ষণিক কোনো জবাব মেলেনি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।