টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরতে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় নিজেদের মাঠে আলাভেসের মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর এই ম্যাচে জয় পেতে মরিয়া কাতালানরা।
মৌসুমের শুরুটা দারুণ করেছিল বার্সেলোনা। প্রথম ১১ ম্যাচেই জয় পেয়েছিল দলটি। তবে পিএসজি ও রিয়ালের কাছে হারের পর ফ্লিকের কৌশল এবং দলের রক্ষণভাগের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হাই ডিফেন্সিভ লাইনের সুযোগ নিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায় করেছে প্রতিপক্ষ।
আলাভেসের বিপক্ষে তাই শুধু জয় নয়, রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াও বড় লক্ষ্য বার্সেলোনার। ২৭ পয়েন্ট নিয়ে এখনো লা লিগার শীর্ষে রয়েছে দলটি। তবে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান মাত্র দুই পয়েন্ট, আর রিয়াল মাদ্রিদের সঙ্গে তিন।
সামনে আরও কঠিন সূচি অপেক্ষা করছে বার্সেলোনার জন্য। আগামী ৪ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা। এরপর ৯ নভেম্বর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে কাতালানরা।
এর মধ্যে দলের ইনজুরি সমস্যাও ভাবাচ্ছে ফ্লিককে। দানি ওলমো, জুলস কুন্দে, এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের অনুপস্থিতি দল নির্বাচন এবং রক্ষণভাগের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। ফলে আলাভেসের বিপক্ষে ম্যাচটি বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।