২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুরের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া ১৯ জনের সবাই অকৃতকার্য হয়েছেন।
জেলায় এবার এইচএসসিতে পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। মোট ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮১ জন।
শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচ প্রতিষ্ঠান হলো—ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিজ সিটি কলেজ। প্রতিষ্ঠানগুলো থেকে যথাক্রমে ৭, ৬, ৩, ২ ও ১ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার জানান, প্রতিষ্ঠার পর থেকে কলেজটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চালানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগের অভাব রয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, যেসব কলেজ থেকে কেউ পাস করেনি, তাদের শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী চিঠি দেয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬৮ জন; জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। লক্ষ্মীপুর সরকারি কলেজে পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। এ কলেজে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, মোহাম্মদ আক্তার আলম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।