ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের সিএমপি অফিসার্স মেস থেকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। পরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম নগর পুলিশ ও রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।