আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি থেকে সরকার সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিগত সরকারের সময়ে সংস্থাটির সঙ্গে করা চুক্তির কিছু শর্ত বাস্তবায়নে সময় ও যথাযথ পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু বলেন, আইএমএফের সঙ্গে করা কর্মসূচির অনেক শর্ত রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। এতে জনগণ, ব্যবসায়ী ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় সরকার।
আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হওয়ার আশা রয়েছে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হতে পারে।
তিনি আরও বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) উন্নয়ন সহযোগীদের কর্মসূচির সঙ্গে সরকারের পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার সমন্বয় জরুরি।
কক্সবাজার ও মহেশখালীকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তনের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো হবে।
কক্সবাজারকে শুধু পর্যটনকেন্দ্র নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।