আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
সভায় পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রতিটি ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে, তা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনায় উপজেলা সদরের অধীন থাকা ইউনিয়ন পরিষদ এবং যেসব এলাকার নির্বাচিত পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম দিকের ধাপগুলোতে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে, সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র উৎপাদন ও বিতরণ কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আইডিইএ প্রকল্পের অধীনে প্রতিষ্ঠিত পার্সোনালাইজেশন সেন্টারের মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পার্সোনালাইজেশন ও বিতরণের গতি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়েও আলোচনা হবে।
ইসির এ বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও স্মার্ট এনআইডি কার্যক্রমের পরবর্তী করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাহসান/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।