সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে। সুপারিশটি পর্যালোচনা শেষে সোমবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রিম কোর্ট প্রশাসনের পাঠানো প্রস্তাবের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করছে আইন মন্ত্রণালয়।
বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১ ডিসেম্বর তাঁকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করে আসছিলেন।
ফলে একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।