
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ১১২ জন কর্মী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কর্মীরা কুয়ালালামপুর যাবেন বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে যোগ দেবেন। তাদের যাতায়াতসহ সব ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে শূন্য অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানো হবে। এ নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। ৪ হাজার ২৯টি আবেদন থেকে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। পরে সাক্ষাৎকার, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেয় ডিএইচএল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শ্রমিক শোষণের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল। এর আগে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছিলেন।
বোয়েসেলের দাবি, লটারির মাধ্যমে কর্মী নির্বাচনের উদ্যোগ নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়ক হবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।