বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি ও বৈশ্বিক যুদ্ধের প্রভাব বিবেচনায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। তবে ব্যাংকিং খাত, কর-জিডিপি অনুপাতসহ কয়েকটি বিষয়ে সংস্থাটির পর্যবেক্ষণ রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী। আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে এ বৈঠক হয়।
আমির খসরু জানান, ব্যাংকিং খাতের পুনঃমূলধনীকরণ, কর-জিডিপি অনুপাত ও অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয়ে অগ্রগতি ও সমাধান হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা আগামী কয়েক মাসও চলতে পারে।
আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়েও আলোচনা এগোচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপক্ষীয় সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রীর মতে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের বিশ্বাসযোগ্য কৌশল থাকায় আলোচনা এত দূর এগিয়েছে।
উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা গেল ১২ অক্টোবর ব্যাংককে শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ সভা। এতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও নীতিনির্ধারকেরা অংশ নিচ্ছেন।
মুহাম্মদ আশিকুল আলম
সম্পাদক দ্যা মিরর নিউজ।
ব্যাংকক।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।