রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।
মামলার বিবরণ অনুযায়ী, গেল ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম। তদন্তের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গেল ১১ অক্টোবর তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেদিন আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
বৃহস্পতিবার শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।