ব্রাজিলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদুয়ার্দো পাপেকে দলে নিতে আগ্রহী ইউরোপের একাধিক বড় ক্লাব। সেই দৌড়ে যুক্ত হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, যারা ইতোমধ্যে এই তরুণকে সরাসরি পর্যবেক্ষণ করেছে। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর হয়ে খেলা পাপের জন্য ৪ কোটি ইউরো পর্যন্ত দাবি করা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সুইজারল্যান্ডের নায়নে গেল ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে খেলেন পাপে। সেখানে বায়ার্নের স্কাউটরা তাকে সরাসরি দেখেন। মাঝমাঠে খেলার বুদ্ধিমত্তা, বল নিয়ন্ত্রণ ও সতীর্থদের কাছে নিখুঁত পাস দেয়ার দক্ষতার কারণে তাকে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেটসের সঙ্গে তুলনা করা হচ্ছে।
পাপেকে নিয়ে আগ্রহী অন্য ক্লাবগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার সিটি ও মোনাকো। গেল এপ্রিলে ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচে চার গোল করে নজর কাড়েন তিনি। ক্রুজেইরোর সঙ্গে তার চুক্তি ২০২৯ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য গার্ডিয়ান* ২০০৯ সালে জন্ম নেয়া বিশ্বের ৬০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারের তালিকাতেও পাপেকে রেখেছে। তবে এখন পর্যন্ত ইউরোপের কোনো ক্লাবের আনুষ্ঠানিক প্রস্তাবের খবর পাওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।