প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের স্বজনদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি সারের ডিলার নিয়োগে অনিয়মের তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, যোগ্যতা ও নীতিমালার পরিবর্তে দলীয় বিবেচনায় ডিলার নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে নিয়োগের ক্ষেত্রে ভাগ-বাটোয়ারা চলছে বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, সরকার ‘সবার আগে বিএনপি’ নীতিতে দেশ পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের অভিযোগ তদন্ত করে দায়ীদের শাস্তিসহ ছয় দফা দাবি জানান জামায়াতের এই নেতা। দাবির মধ্যে রয়েছে নিয়োগের যোগ্যতা ও লাইসেন্স প্রদানের ভিত্তি প্রকাশ, অর্থ আদায়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা, সারসংকট নিয়ে সরকারি বক্তব্য ও মাঠপর্যায়ের পরিস্থিতি যাচাই এবং তদন্তের অগ্রগতি প্রকাশ। পাশাপাশি অভিযোগের প্রমাণভিত্তিক যাচাই ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের লিখিত ব্যাখ্যাও দাবি করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।