
২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেলকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ। নতুন এই ঘোষণাকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। টিকিটের মূল্য কিংবা বিক্রি শুরুর সময় সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি।
এ ছাড়া শাকিরার পক্ষ থেকেও বাংলাদেশে আসার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত এটিকে আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পরিচিত মুখ শাকিরা। ‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়।
আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকায় বড় পরিসরের একটি আন্তর্জাতিক কনসার্ট উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।