
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। স্বাস্থ্যকর্মী ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ বা ‘দাদি’ বলে সম্বোধনের নির্দেশ দেয়া হয়েছে। এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিকারকর্মীরা বলছেন, এ পদক্ষেপ নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন করছে। নারী অধিকারকর্মী লালাহ ওসমানি একে নারীদের পরিচয় মুছে দেয়ার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। নিষেধাজ্ঞাটি দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
তালেবান ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনসমক্ষে কথা বলার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার সুযোগও বন্ধ রয়েছে। এর মধ্যেই বিভিন্ন এলাকায় নারীরা গোপনে ব্যবসা পরিচালনা ও মেয়েদের জন্য স্কুল চালু রেখেছেন।
সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার না করলে চিকিৎসাসেবায় রোগী শনাক্তে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নারী চিকিৎসকের সংকট ও চিকিৎসাশিক্ষায় নারীদের সুযোগ সীমিত থাকায় পরিস্থিতি আরও কঠিন হওয়ার আশঙ্কা রয়েছে।
২০১৭ সালে পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে মায়ের নাম যুক্ত করার দাবিতে প্রচার শুরু করেন লালাহ ওসমানি। ২০২০ সালে জন্মনিবন্ধনে স্বেচ্ছায় মায়ের নাম যুক্ত করার সুযোগ চালু হয়। ওসমানি বলেন, ‘আফগানিস্তানে কোনো নারীকে তার প্রকৃত নামে ডাকা একটি প্রতিরোধের কাজ।’
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।