
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্যক্তিগত দ্বৈরথ ছিল দীর্ঘদিনের আলোচনার বিষয়। দুজন মিলে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর—মেসি আটটি এবং রোনালদো পাঁচটি। তবে ভোটের ক্ষেত্রে দুজনের পছন্দে মিল ছিল খুব কম। ব্যতিক্রম হিসেবে দুজনের কাছ থেকেই ভোট পেয়েছেন জাভি হার্নান্দেজ ও নুনো মেন্দেজ।
২০১০ সালে প্রথমবার ব্যালন ডি’অরে ভোট দেন রোনালদো। পর্তুগালের অধিনায়ক হিসেবে তাঁর প্রথম পছন্দ ছিলেন বার্সেলোনার জাভি হার্নান্দেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন ইকার ক্যাসিয়াস ও ওয়েসলি স্নেইডার।
মেসি ভোট দেয়া শুরু করেন ২০১১ সালে। তিনি জাভিকে ২০১১ সালে প্রথম এবং ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয় স্থানে রাখেন। অর্থাৎ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও জাভির ফুটবল-প্রতিভাকে স্বীকৃতি দিয়েছেন দুজনই।
দ্বিতীয় খেলোয়াড় নুনো মেন্দেজ। ২০২১ সালে ব্যালন ডি’অরের তরুণ প্রতিভা নির্বাচনে রোনালদো ও মেসি দুজনই তাঁকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন। ২০২২ সালেও মেসির ভোটের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
এ ছাড়া মেসি ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিনবার জুড বেলিংহামকে তৃতীয় স্থানে রেখেছিলেন। তখন বেলিংহাম খেলছিলেন বরুসিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদে।
মেসি-রোনালদোর ভোটের এই তালিকা দেখিয়েছে, ক্লাব-প্রতিদ্বন্দ্বিতার বাইরেও ফুটবলীয় প্রতিভার স্বীকৃতি দিতে পিছপা হননি তাঁরা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।