
ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভয়ংকর এক ট্যাকলের দৃশ্য জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায়। স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে শূন্যে ছিটকে ফেলার সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো।
বছর শেষ হতে এখনো এক মাস বাকি থাকলেও এরই মধ্যে চলতি বছরের উল্লেখযোগ্য ১০০টি ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। তালিকায় থাকা ছবিতে দেখা যায়, এনজোর ট্যাকলে কুবারসির শরীর মাটি থেকে অনেকটা ওপরে উঠে গেছে। মাঠের সবুজ ঘাসে দুই খেলোয়াড়ের ছায়া এবং মাঝমাঠের সাদা রেখা ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
ঘটনাটি ঘটে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শুরুর আগের যোগ করা সময়ে। এর আগে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেছিলেন এনজো। কুবারসিকে ফাউল করার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে ঘটনাটি।
দীর্ঘদিন ধরে ক্রীড়াজগতের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন আল বেল্লো। এ কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পুরস্কার।
এদিকে টাইমের ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকায় জায়গা পেয়েছে গাজার ফুটবলারদের অনুশীলনের একটি ছবিও। ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী জেহাদ আলশরাফি।
ছবিতে দেখা যায়, গাজা স্পোর্টস ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন আল-আহলি ক্লাবের খেলোয়াড়েরা। চারপাশে ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি করা হয়েছে তাঁদের অনুশীলনের মাঠ।
ইসরায়েলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে যায়। পরে ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বসিয়ে মাঠটি খেলার উপযোগী করে তোলে। এতে স্থানীয় দলগুলোর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার শিকার খেলোয়াড়দেরও খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি হয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন এই মাঠ স্থানীয় ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।