
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭-এ নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্যানেল। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকটি পদে জয়লাভ করেছেন প্যানেলটির প্রার্থীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়ার গওহর আলী বার ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮৮৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান ৬৭৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব ৬৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে মো. রেজাউল বারী তারা ও মো. রহমতুল বারী তালুকদার, যুগ্ম সম্পাদক পদে মো. ফারুক আহমেদ ও আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ) নির্বাচিত হন। অন্যান্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদেও জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।
প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেল কোনো পদেই জয় পায়নি।
নির্বাচন শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব সবাইকে নিয়ে ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের পরিবেশে পেশাগত কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ২০২৭ সালকে বগুড়া বারের উন্নয়নের বছর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি এ বিজয়কে আইনজীবী সমাজের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।