মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। পাশাপাশি বাংলাদেশের ৩৩৮টি সংস্থা ও এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
তালিকায় রয়েছে সরকারি সংস্থা বোয়েসেল, ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি। অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে চাকরির চাহিদাপত্র সংগ্রহ এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করতে পারবে। ভিসা প্রক্রিয়ায় বোয়েসেল ও ২৫টি প্রসেসিং এজেন্সি সহায়তা করবে।
মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী এজেন্সি বাছাইয়ের প্রক্রিয়া চলে। অন্তর্বর্তী সরকারের সময়ে যোগ্যতা যাচাইয়ের জন্য ৪২৩টি এজেন্সির কাগজপত্র মালয়েশিয়ায় পাঠানো হয়েছিল। পরবর্তী আলোচনার ধারাবাহিকতায় ৩৩৮টি সংস্থাকে তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি মিলেছে।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিতর্কিত ও অনিয়মে সংশ্লিষ্ট কেন্দ্র বাদ দিয়ে বিদ্যমান অনুমোদিত তালিকার বাকি মেডিকেল সেন্টারগুলোতে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে কেন্দ্রগুলো পরিদর্শন করে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে। কোনো একটি কেন্দ্রকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেয়া হবে না।
তবে ১০ হাজার কর্মী বিনা খরচে নেয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানানো হলেও তাদের আবেদন, নির্বাচন ও যাত্রার নির্দিষ্ট সময়সূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।