সমঝোতা সম্পন্ন না হলে ব্যক্তিত্বের অধিকার রক্ষার মামলায় দিল্লি হাইকোর্টে সশরীরে হাজির হতে হবে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে। আগামী ১৬ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চে মামলাটির শুনানি হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন বিবাদীর সঙ্গে ইতিমধ্যে সমঝোতা হয়েছে। তবে কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় চুক্তিতে স্বাক্ষর করা সম্ভব হয়নি। এ জন্য অভিনেতার আইনজীবী ধ্রুব আনন্দ আদালতের কাছে আরও সময় চান।
আদালত ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। এর মধ্যে সমঝোতা সম্পন্ন না হলে এবং মামলার কোনো দাবি নিয়ে এগোতে চাইলে অমিতাভকে পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে।
২০২২ সালে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচিতি অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেন অমিতাভ। তাঁর অভিযোগ, কয়েকটি মোবাইল অ্যাপ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে তাঁর নাম যুক্ত করে বেআইনিভাবে লটারি পরিচালনা করছিল। পাশাপাশি বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও পরিচিতি অপব্যবহারের অভিযোগ আনেন তিনি।
ওই বছরের নভেম্বরে আদালত অমিতাভের ব্যক্তিত্ব ও প্রচার-সম্পর্কিত অধিকার লঙ্ঘন থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার নির্দেশ দেন। এবার সমঝোতার অগ্রগতি নিয়ে মামলাটির পরবর্তী শুনানি হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।