বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকে ঘিরে আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলেছে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়তে পারে, পাশাপাশি উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটি সরাসরি বাংলাদেশে আঘাত হানবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস নেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির কারণে কয়েকটি এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে, ফলে গরম থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে।
আবহাওয়ার এই পরিবর্তন কতটা স্থায়ী হবে, তা নিম্নচাপটির গতিপথ ও শক্তি বৃদ্ধির ওপর নির্ভর করবে। আপাতত বাংলাদেশে সরাসরি আঘাতের চেয়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।