পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করে মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান শেহবাজ।
জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাতের মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। তবে জনগণের সমস্যা তুলে ধরতে রাস্তায় নামার অধিকার জামায়াতের রয়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে দলের শুরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
হাফিজ নাঈম আরও বলেন, মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না। পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার ও জনগণকে স্বস্তি দেয়ার দাবি জানান তিনি।
গেলো রোববার করাচি থেকে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনটি ইসলামাবাদের দিকে এগিয়ে নেয়া হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।