সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট (এসআরএম) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরপুরের মেয়ে সাদিয়া জাহান মীম। আগামী এক বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেয়া হয়েছে। তিনি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
সাদিয়া শেরপুর সদর উপজেলার পশ্চিম শেরী গ্রামের বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. শাহজাহানের মেয়ে।
গেলো ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মীমসহ পাঁচজন রোভার স্কাউটকে সিনিয়র রোভার মেটের দায়িত্ব দেয়া হয়। কলেজের পাঁচটি ইউনিটের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে তাঁদের এ দায়িত্ব দেয়া হয়েছে। মীম কলেজের ৭৯ নম্বর স.তি.ক. গার্ল-ইন-রোভার স্কাউট (ক) ইউনিটের সদস্য।
দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. নীলুফার ইয়াসমীন ও রোভার স্কাউট লিডার মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী। পরে নবনিযুক্ত সিনিয়র রোভার মেটরা কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ তাঁদের অভিনন্দন জানান এবং সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের বিকাশে দিকনির্দেশনা দেন।
মীম ২০১৯ সালে শেরপুরের নবারুণ পাবলিক স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০২১ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০১৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কাজ শুরু করেন তিনি। পরে ২০২৩ সালে যুক্ত হন রোভার স্কাউটে।
দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে মীম বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা, ভালোবাসা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ দায়িত্ব পেয়েছেন তিনি। এ অর্জনের পেছনে মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, পদ বা পরিচয়ের জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়েই কাজ করতে চান।
মো. রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।