পেট্রোলিয়াম লেভি বাতিল ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী ধাপ স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। তবে আন্দোলন প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির হাফিজ নাঈমুর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুলতানে সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ফোন করে লং মার্চ স্থগিতের অনুরোধ করেছেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। শেহবাজ দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।
হাফিজ নাঈম বলেন, প্রধানমন্ত্রীকে দেওয়া প্রস্তাবের মধ্যে জ্বালানি তেলের দাম কমানো ও পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি রয়েছে। সরকারকে লিখিত আশ্বাস দিতে হবে; তা না হলে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত মুলতানে অবস্থান কর্মসূচি চলবে। জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতির প্রতিবাদে এর আগে দেশের ৫১০টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফোনালাপে শেহবাজ শরিফ বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনায় নিয়ে সরকার পেট্রোলিয়াম পণ্যে স্বস্তি দেয়ার উদ্যোগ নিয়েছে। শেহবাজ দেশে ফেরার পর দুই নেতার বৈঠকের মাধ্যমে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।