চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হয়। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
এ ছাড়া ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং অকৃতকার্য থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন করেন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন পড়ে।
এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।
ফল জানবেন যেভাবে:
পুনর্নিরীক্ষণের ফল নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, আবেদনকারীর মোবাইলে পাঠানো এসএমএস এবং নির্ধারিত ওয়েবসাইটে জানা যাবে। অনলাইনে ফল জানতে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।