সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজানে হুতিদের নিক্ষেপ করা প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে প্রজেক্টাইলটি আঘাত হানে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র হামলাটিকে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।
তবে হুতিরা দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি। এদিকে খামিস মুশাইত গভর্নরেটে বাসিন্দাদের সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতিরা। মঙ্গলবার আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলায় নারী ও শিশুসহ ৭৩ জন আহত হন।
জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়। এরপর দেশটির বিভিন্ন এলাকায় নতুন করে লড়াইয়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।