কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে ভাড়াটিয়ার সঙ্গে বারবিকিউ করা নিয়ে বিরোধের জেরে এক ভারতীয় বংশোদ্ভূত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ভাড়াটিয়ার সঙ্গে তর্ক, তার বাসায় অনুমতি ছাড়া প্রবেশ এবং পাথর ছোড়ার মতো ঘটনায় দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই নারীর নাম রাজ তিওয়ানা বলে উল্লেখ করা হয়েছে। তবে সারেতে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তার করা হলেও এখনো কোনো অভিযোগ অনুমোদন করা হয়নি এবং তদন্ত চলছে।
ঘটনার সূত্রপাত একটি ভাড়া বাড়িতে বারবিকিউ করা নিয়ে। ভাড়াটিয়ার অভিযোগ, রাজ তিওয়ানা গ্রিল থেকে খাবার ফেলে দেন এবং পরে তার বাসায় অনুমতি ছাড়া প্রবেশ, তালা বদলে দেয়া ও দরজা খুলে নেয়ার মতো ঘটনা ঘটান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তিওয়ানাকে কাঠের একটি টুকরো দিয়ে গ্রিল থেকে খাবার সরিয়ে দিতে এবং ভাড়াটিয়ার সঙ্গে তর্ক করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। অন্য একটি ভিডিওতে তাকে ভাড়াটিয়ার দিকে পাথর ছুড়তে দেখা যায় বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে সারেতে পুলিশ সার্ভিসকে উদ্ধৃত করে তথ্য যাচাইকারী ওয়েবসাইট বুম জানিয়েছে, বাড়িওয়ালি-ভাড়াটিয়ার বিরোধের কারণে ওই বাড়িতে পুলিশকে কয়েকবার যেতে হয়েছে। দুই পক্ষই বিভিন্ন সময়ে পুলিশের সহায়তা চেয়েছে।
পুলিশ স্পষ্ট করেছে, ঘটনাটির সঙ্গে গরুর মাংস, ধর্ম বা কোনো আদর্শিক বিষয় জড়িত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
পরে পুলিশ তিওয়ানাকে গ্রেপ্তার করে। এ সময় তার ভাড়াটিয়ার কিছু জিনিসপত্র এখনো বাসার ভেতরে রয়েছে বলে পুলিশ জানায়। ভাড়াটিয়ারা বর্তমানে ওই বাড়িতে থাকেন না এবং বিরোধ নিয়ে নতুন করে কোনো অভিযোগও আসেনি বলে জানিয়েছে পুলিশ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।