সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে কর্নেল মতিউর রহমান সরাসরি গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। মামলার অন্যতম আসামি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদে এ তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিশেষ হেলিকপ্টারে চট্টগ্রামে যান। তবে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহার তথ্যমতে, ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউজে হামলা চালিয়ে জিয়াউর রহমানকে হত্যা করেন কর্নেল মতিউর।
১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে জিয়াউর রহমান নিহত হন। এ হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গত ২৩ জুলাই তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও তিনি গ্রেপ্তার রয়েছেন। ওই মামলাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তানভীর জোহা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।