জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয় তুলে ধরবেন তিনি।
সফরসঙ্গীদের মধ্যে থাকছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া দুই রাজনৈতিক দলের নেতা—বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন—প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।
সফরে রোহিঙ্গা সংকটের সমাধান, গণতান্ত্রিক যাত্রা ও সুশাসনসহ পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্টেরও আয়োজন করেছে। নিউইয়র্ক সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।