সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই তিনি মসজিদুল হারামে ফজরের আজান দিয়েছিলেন, যা ছিল তার জীবনের শেষ আজান।
সোমবার আসরের নামাজের পর মক্কার গ্র্যান্ড মসজিদে শায়খ ইব্রাহিম আল-মাদানির জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আল-মুয়াল্লা কবরস্থানে দাফন করা হবে।
মাত্র ১৫ বছর বয়সে মুয়াজ্জিন হিসেবে তার পথচলা শুরু হয়। মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেয়ার মাধ্যমে শুরু হয় তার এই দায়িত্ব পালন।
কলেজে পড়াশোনা শেষ করা পর্যন্ত মদিনার তিনটি প্রতিবেশী মসজিদে পালাক্রমে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তিনি। পরে শিক্ষকতার কাজে মদিনার বাইরে চলে যাওয়ায় কিছু সময়ের জন্য আজান দেয়া থেকে বিরত ছিলেন।
১৪২৮ হিজরি (২০০৭-০৮) সালে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আবার আজান দেয়ার আমন্ত্রণ পান তিনি। সেখানে দায়িত্ব পালনের পর মক্কার গ্র্যান্ড মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করার সুযোগ পান। ১৪৩৯ হিজরি (২০১৭-১৮) সালে আনুষ্ঠানিকভাবে তাকে গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেয়া হয়।
বাবার সঙ্গে মক্কায় যাতায়াতের সময় তিনি মক্কার বিশেষ আজানের ধরন সম্পর্কেও পরিচিত হয়ে ওঠেন। তখন গ্র্যান্ড মসজিদের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে তার পরিচয় হয়। শায়খ আবদুল লতিফ ছিলেন তার নানার বন্ধু।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।