হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে CNN, MS NOW ও Politico। সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার ঘোষণা দেয় সংবাদমাধ্যম তিনটি।
তিন প্রতিষ্ঠান জানিয়েছে, ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় মামলাটি করা হবে। জরুরি আবেদনের ওপর চলতি সপ্তাহেই শুনানি হতে পারে। তাদের অভিযোগ, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের প্রেস ক্রেডেনশিয়াল বাতিল করা হয়েছে।
তিন সংবাদমাধ্যমের দাবি, তাদের প্রতিবেদনে আপত্তির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা বলছে, কোন সংবাদ প্রকাশ করা হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই এবং নিষেধাজ্ঞাটি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।
এর আগে শুক্রবার ট্রাম্প CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেন। শনিবার সংবাদমাধ্যম তিনটির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেয়া হয়নি এবং কয়েকজনের প্রেস ব্যাজও জব্দ করা হয়।
নিষেধাজ্ঞার কারণে তিন প্রতিষ্ঠানের সাংবাদিকরা হোয়াইট হাউসের ভেতরে তাদের নির্ধারিত কর্মস্থলে প্রবেশ ও সংশ্লিষ্ট কিছু সরঞ্জাম ব্যবহারের সুযোগ হারিয়েছেন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।