জয়পুরহাটের আক্কেলপুরে যৌথ বিশেষ অভিযান চালিয়ে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। এ সময় মূর্তি পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিহারপুর গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মূর্তিসহ মুকুল চন্দ্র মণ্ডল ও কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।
আটক চারজন হলেন হামিদুর রহমান (৬২), জাকির হোসেন (৫০), মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও কামাল হোসেন (৬০)। বিজিবির দাবি, তারা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি জানান, মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। উদ্ধার মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জয়পুরহাট প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।